
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর বড়কুল পশ্চিম ইউনিয়নে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা, অপপ্রচার ও হুমকি দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে রামচন্দ্রপুর ভূমি অফিসসংলগ্ন মিজি বাড়ির বিরোধের বিষয়ে এসব অভিযোগ করেন মৃত নুরুল আমিন মিজির পরিবারের সদস্যরা।
পরিবারটির ভাষ্য, মৃত আলী মিয়ার তিন ছেলে—মৃত মমতাজ উদ্দিন, রুহুল আমিন মিজি ও মৃত নুরুল আমিন মিজির পরিবারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। তাঁদের অভিযোগ, এ বিরোধের জেরে মমতাজ উদ্দিনের ছেলে ও পুত্রবধূরা নুরুল আমিনের সন্তানদের বিরুদ্ধে মামলা ও নানা ধরনের হয়রানি করছেন।
নুরুল আমিনের পরিবারের সদস্যরা জানান, তাঁদের বসতঘরের সম্পত্তি মমতাজ উদ্দিনের ছেলে মাকসুদ আলম ও শাহআলম তাঁদের স্ত্রীদের নামে রেজিস্ট্রি করে আদালতে উচ্ছেদ মামলা করেছেন। তাঁদের দাবি, দাদার অধিকাংশ সম্পত্তি বড় জেঠা নিজের নামে বিএস রেকর্ড করিয়ে নিয়েছিলেন। বাবা ও মেঝো জেঠা তাঁর ওপর নির্ভরশীল থাকায় এমনটি হয়েছে বলে তাঁদের ধারণা। পরে কাগজপত্র যাচাই করতে গিয়ে তাঁরা বিষয়টি জানতে পারেন এবং প্রশাসনের শরণাপন্ন হন। এরপর তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
সম্প্রতি সোহাগ মিজির বিরুদ্ধে মমতাজ উদ্দিন মিজির পারিবারিক কবরস্থানের লোহার ফটক ভাঙার অভিযোগ তুলে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করা হয়। নুরুল আমিনের পরিবারের সদস্যরা অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, নিজেদের বাড়িঘর ও দোকানপাট থাকা অবস্থায় তাঁরা কবরস্থানের ফটক ভাঙতে যাবেন না।
ফটক ভাঙার অভিযোগ নিয়ে দুই পক্ষের বক্তব্য
মমতাজ উদ্দিনের ছেলে শাহ আলমের স্ত্রী রাবেয়া বেগম বলেন, সকালে হাঁটতে বেরিয়ে তিনি সোহাগ মিজিকে কবরস্থানের ফটক ভাঙতে দেখেছেন। ভয়ে তখন কিছু বলেননি বলেও জানান তিনি। তবে এ ঘটনার পক্ষে তাঁর কাছে কোনো প্রমাণ নেই বলে এক প্রশ্নের জবাবে স্বীকার করেন।
প্রতিবেশী বিল্লাল মুন্সির অভিযোগ, মাকসুদ মিজি, শাহ আলম মিজি ও তাঁদের স্ত্রীরা নুরুল আমিনের ছেলেদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। তাঁর ভাষ্য, নুরুল আমিনের ছেলেরা মারামারি করার মতো মানুষ নন।
এলাকার সাবেক বিজিবি কর্মকর্তা মনির গাজী জানান, সম্পত্তি বিরোধ নিয়ে ইউনিয়ন পরিষদে কয়েকবার বৈঠক হলেও সমাধান হয়নি। দুই পক্ষের কাগজপত্র দেখার ভিত্তিতে নুরুল আমিনের সন্তানদের দাবি যৌক্তিক বলে তাঁর ধারণা।
















