
ইসরাইলের ড্যামন কারাগারে বন্দি থাকা অবস্থায় পবিত্র কোরআনের বাকি অংশ মুখস্থ করে ৩০ পারা হিফজ সম্পন্ন করেছেন ১৯ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী জানা ইহসান আবু ওয়ারদা। নিজের বিচারিক শুনানিতে তিনি উপস্থিত ব্যক্তিদের জানান, এক বৈঠকে পুরো কোরআন মুখস্থ তিলাওয়াত করেছেন।
প্রিজনার্স মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ইসরাইলি বাহিনী জানাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে তাঁর প্রায় ২০ পারা মুখস্থ ছিল। কারাগারে থাকার সময় বাকি অংশ মুখস্থ করে তিনি হিফজ সম্পন্ন করেন।
জানা কারাগারে অন্য নারী বন্দিদেরও কোরআন ও হাদিস শেখাচ্ছেন। তাঁর উদ্যোগে বন্দিদের মধ্যে ধর্মীয় শিক্ষা ও অধ্যয়নের পরিবেশ গড়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফিলিস্তিনের হেবরন এলাকার বাসিন্দা জানা জাহিরিয়া কলেজে শরিয়াহ বিষয়ে পড়াশোনা করছেন। লেখালেখি ও কবিতার প্রতিও তাঁর আগ্রহ রয়েছে। স্নাতক শেষ করে কোরআনের তাফসির, আরবি ব্যাকরণ ও হাদিস বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা তাঁর।
কারাগারে তাঁর জীবনও নানা সীমাবদ্ধতায় কাটছে। বন্দিবিষয়ক সংগঠনটির তথ্য অনুযায়ী, ড্যামন কারাগারে বন্দি ফিলিস্তিনি নারীরা খাবারের সংকট, কঠোর বন্দি-পরিস্থিতি ও বিভিন্ন বিধিনিষেধের মুখোমুখি হচ্ছেন। জানাকে গ্রেপ্তার এবং এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরের সময় অপমানজনক তল্লাশি করা হয়েছে বলেও সংগঠনটি জানিয়েছে।
বন্দিদশায় পরিবারের কাছের মানুষদের মৃত্যুর খবর জানার ক্ষেত্রেও তাঁর দেরি হয়েছে। পরিবারের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ও সাক্ষাতের সুযোগ সীমিত থাকায় স্বজনদের সঙ্গে তাঁর বিচ্ছিন্নতা বেড়েছে।
কারাগারে থেকেও পড়াশোনা চালিয়ে যাওয়া এবং সহবন্দিদের ধর্মীয় শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে জানা নিজের হিফজের পাশাপাশি অন্য বন্দিদের মধ্যে কোরআন ও হাদিসচর্চার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছেন।















