চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে শুরু হওয়া এ বিরোধ অল্প সময়ের মধ্যেই দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন এবং বাজারের অন্তত সাতটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রথমে একটি সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক দোকানপাট তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মিঠু (৪২), ফাহিম (২১) ও অপু (২০)। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এমন আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। এছাড়া সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে বাজার এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ও খিলা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত রাখতে সবাইকে সংযত থাকার আহ্বান জানান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে সংঘর্ষের প্রকৃত কারণ, কারা ভাঙচুরে জড়িত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পুলিশ তথ্য সংগ্রহ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

















