বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দলটির নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তি ও সমর্থকদের ফেসবুক পোস্টে কর্মসূচি, মিছিল ও নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান দেখা যাচ্ছে।
সাম্প্রতিক কয়েক দিনে ফেসবুকে প্রকাশিত একাধিক পোস্টে শাহরাস্তিতে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্টে রাজপথে উপস্থিতি, মিছিল এবং শক্তি প্রদর্শনের ইঙ্গিতপূর্ণ বক্তব্যও দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে “F T Amran Vai” নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টে লেখা হয়েছে, “শাহরাস্তির রাজপথ আমাদের চেনা। এবার শুধু গর্জে ওঠার পালা। শাহরাস্তির সকল লড়াকু ভাইদের অপেক্ষায়।” পোস্টটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এছাড়া “শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ” নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত আরেকটি পোস্টে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তির বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে এবং কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুধু এসব পোস্টই নয়, গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন রাজনৈতিক কর্মী-সমর্থকের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও একই ধরনের আহ্বানমূলক ও সংগঠনমুখী পোস্ট দেখা যাচ্ছে। ফলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদের দাবি, প্রকাশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির প্রচারণা চললেও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সতর্কতামূলক উদ্যোগ বা বক্তব্য দেখা যাচ্ছে না।
তারা মনে করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও সক্রিয় নজরদারি প্রয়োজন। অন্যথায় যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
তবে এ বিষয়ে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।














