
ভারতের বর্তমান সরকারের হিন্দুত্ববাদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে প্রায় ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কংগ্রেসের নেতৃত্বে গড়ে ওঠা বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণার বিপরীত পথে চলছে বর্তমান সরকার।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনা করে সোনিয়া অভিযোগ করেন, মোদি ভারতের রাষ্ট্রীয় চরিত্র বদলে দিতে চান এবং বিজেপি পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে।
ভারতের রাজনীতিতে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা, পরামর্শ এবং পারস্পরিক সৌজন্যের চর্চা আগের তুলনায় কমেছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, এখন সংসদে বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হয় না এবং বিরোধী দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।
মোদি ক্ষমতায় আসার পর তাঁর সঙ্গে খুব কম কথা হয়েছে বলে জানান সোনিয়া। তাঁর অভিযোগ, একই কক্ষে থাকলেও মোদি অনেক সময় তাঁর দিকে তাকানো এড়িয়ে যান। অতীতে সরকার ও বিরোধী দলের নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকত বলেও তিনি উল্লেখ করেন।
বিজেপির ‘কংগ্রেসমুক্ত ভারত’ স্লোগানের সমালোচনা করে সোনিয়া বলেন, তাঁকে ও তাঁর সন্তানদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক মামলা করা হচ্ছে। বিরোধীদের প্রতি সরকারের আচরণকে তিনি প্রতিহিংসাপরায়ণ বলে বর্ণনা করেন।














