
জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১টা ৪ মিনিটে পশ্চিম শিজুওকা প্রিফেকচারে কম্পনটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে।
আইচি ও শিজুওকা প্রিফেকচারে আহতের খবর পাওয়া গেছে। আতঙ্কে ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়িতে পড়ে কয়েকজন আহত হন। ভূমিকম্পে আইচি প্রিফেকচারের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। হামামাতসু শহর ছাড়াও কিয়োটো, নারা, ইয়ামানাশি ও গিফু প্রিফেকচারে কম্পন অনুভূত হয়।
কম্পনে বিভিন্ন দোকানের জানালার কাচ ভেঙে রাস্তায় পড়ে। একটি বইয়ের দোকানে তাক থেকে অনেক বই মেঝেতে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
সম্ভাব্য শক্তিশালী ভূমিকম্পের বিষয়ে আগামী এক সপ্তাহ সতর্ক থাকতে জনগণকে বলেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই থেকে তিন দিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, ‘ভূমিধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া এবং বৃষ্টিপাতের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক থাকুন।’













