
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে আছে ১০ মাস বয়সী মোহাম্মদ আবু বক্কর। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটির চিকিৎসা চলছে। তার বাবা মোহাম্মদ কবিরের বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত (১০) একই তিন রোগে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছে। সেদিন সন্ধ্যায় নগরের মোমেনবাগ এলাকার কবরস্থানে তাকে দাফন করেন কবির।
রোববার বেলা ১১টার দিকে হাসপাতালেই কথা হয় কবিরের সঙ্গে। কয়েক দিনের চিকিৎসা-দৌড়ঝাঁপ, নির্ঘুম রাত এবং বড় ছেলেকে হারানোর শোকে তিনি বিপর্যস্ত। তাঁর ভাষ্য, শনিবার সকালে ছোট ছেলেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রোববার সকালে চিকিৎসকেরা তাঁকে ছেলেকে দেখার সুযোগ দিলে সন্তানের অবস্থা দেখে তিনি ভেঙে পড়েন। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে ছেলেকে বাঁচানো যাবে কি না—এ বিষয়ে কোনো আশ্বাস পাননি বলে জানান তিনি।
কবির বলেন, “এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব?” ছোট ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “আমার ছোট ছেলেটার জন্য সবাই দোয়া করেন ভাই। আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না।”
চিকিৎসার দীর্ঘ পথ
কবিরের ভাষ্য অনুযায়ী, ১৫ থেকে ২০ দিন আগে আরাফাতের জ্বর, বমি ও কাশি শুরু হয়। অসুস্থতা বাড়লে তাকে প্রথমে চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর নেওয়া হয় বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখতে হয়। কয়েক দিন চিকিৎসার পরও উন্নতি না হয়ে শ্বাসকষ্ট বাড়ছিল। চিকিৎসার খরচ সামলাতে না পেরে কবির ছেলেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যান; সেখানেও আরাফাতকে আইসিইউতে রাখা হয়।
বাবার ভাষ্য, হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত আরাফাতের ফুসফুসের পাশাপাশি যকৃতেও জটিলতা দেখা দিয়েছিল। বৃহস্পতিবার রাতে বাবার ডাকে সাড়া দিয়ে সে ভালো আছে বলেছিল। আইসিইউতে দেখা করার সময় সীমিত থাকায় কবির ছেলের সঙ্গে বেশি কথা বলতে পারেননি। সেটিই ছিল তাঁর সঙ্গে আরাফাতের শেষ কথোপকথন। পরদিন শুক্রবার সকালে আরাফাতের অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকেরা কবিরকে দ্রুত হাসপাতালে আসতে বলেন। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
আরাফাত পাঁচলাইশ এলাকার হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়ালেখায় ভালো ছিল বলে জানান কবির। দুই ছেলেকে ঘিরেই ছিল কবির ও তাঁর স্ত্রী আমেনা বেগমের সংসার। বড় ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে কবির বলেন, কাজ শেষে বাড়ি ফিরলে দুই সন্তান তাঁর বুকে এসে পড়ত; তাদের নিয়ে অনেক স্বপ্ন ও পরিকল্পনা ছিল।
চিকিৎসার খরচে চাপ
কবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে মালামাল ওঠানো-নামানোর কাজ করেন। তাঁর মাসিক আয় প্রায় ২০ হাজার টাকা। চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার এক নম্বর সড়কে ভাড়া বাসায় থাকেন; মাসিক ভাড়া ছয় হাজার টাকা। দুই সন্তানের চিকিৎসায় ইতিমধ্যে আড়াই লাখ টাকার বেশি খরচ হয়েছে। নিজের সঞ্চয়, সহকর্মীদের সহযোগিতা এবং আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়ে সেই ব্যয় মেটাচ্ছেন তিনি।
হাসপাতালে কবিরের সঙ্গে তাঁর মা আছেন। স্ত্রী আমেনা বেগম বাসায় রয়েছেন। ২৯ বছর বয়সী আমেনা গৃহিণী। কবির জানান, বড় ছেলের মৃত্যুর পর তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন; বারবার ছেলেকে খুঁজছেন, সংজ্ঞা হারাচ্ছেন এবং পানি ছাড়া কিছু খাচ্ছেন না। ছোট ছেলের চিকিৎসা চলার মধ্যে বড় ছেলের শোক ও ব্যয়ের চাপ—সব মিলিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটির।
















