
দেশের ভেতরে বা বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ‘সার্বভৌমত্ব’ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ষড়যন্ত্র করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না।
তারেক রহমান বলেন, একাত্তর, নব্বই এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও ষড়যন্ত্রের জবাব দিতে চান তাঁরা। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে জানতে চান, ‘আপনারা কি আমাদের সাথে আছেন?’ সমবেত নেতা-কর্মী ও সমর্থকেরা ‘আছি’ বলে করতালি দিয়ে তাঁকে সমর্থন জানান। পরে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে দেশের ভেতরে বা বাইরে—যেকোনো ষড়যন্ত্রের জবাব একে একে দেওয়া হবে।
৭ নভেম্বরকে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের বাক্স্বাধীনতার দিন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ জীবন বিসর্জন দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তা রক্ষার অঙ্গীকার এবারের শোভাযাত্রার মধ্য দিয়ে জানানোর কথাও বলেন তিনি। তারেক রহমানের ভাষ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর যেভাবে অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়েও একইভাবে সেই শক্তি পরাজিত হয়েছে।
তারেক রহমান অভিযোগ করেন, অতীতের মতো এখনো একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত এবং বাংলাদেশের সার্বভৌমত্ব খর্ব করতে চায়। তাঁর দাবি, তারা আবার ‘আমি-ডামি’ নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়। তিনি বলেন, একাত্তর, পঁচাত্তরের সিপাহি-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের নজির থাকা দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না। অনুষ্ঠানে তিনি ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ’ এবং ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগান দেন।
বিএনপি প্রায় ২০ বছর পর আবার সরকার গঠনের পর এবারই প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন করেছে। এ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে দলটি। বেলা সোয়া তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত মঞ্চ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন তারেক রহমান। মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন এবং ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুর ১২টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। তাঁদের হাতে বাংলাদেশের পতাকা এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি-সংবলিত প্ল্যাকার্ড ছিল। বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরে তাঁরা শোভাযাত্রায় অংশ নেন। জমায়েত কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংক্ষিপ্ত বক্তব্যের পর দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তারেক রহমান হেঁটে শোভাযাত্রার নেতৃত্ব দেন। কাকরাইল, হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। পথে সড়কের পাশে থাকা নেতা-কর্মী ও আশপাশের মানুষ তাঁকে অভিবাদন জানান; তিনি হাত নেড়ে জবাব দেন।
শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতারা। বিকেল সাড়ে চারটার দিকে শোভাযাত্রা শেষে ট্রাকের ওপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটের অধিকার ও কথা বলার অধিকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, জনগণ তাদের পরাজিত করেছে; আবারও তারা ষড়যন্ত্র নিয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।
সমাধিতে শ্রদ্ধা ও অন্যান্য কর্মসূচি
সকালে সাড়ে আটটার দিকে তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং পরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সমাধিস্থলে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা। তাঁর ভাষ্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে মানুষ জুলাইয়ে আন্দোলনে নেমেছিল। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর বিএনপির মহানগর উত্তর ও দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এবং সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দুপুরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশদের মহাসমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পৌনে ১২টার দিকে তিনি সেখানে যোগ দেন। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্য ওই সমাবেশে অংশ নেন বলে জানানো হয়। এরপর বনানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যান তারেক রহমান। সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, উপদেষ্টা, জাতীয় সংসদ সদস্য, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধি, তিন বাহিনীর প্রধান এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ যতবার ৭ নভেম্বরের চেতনা থেকে বিচ্যুত হয়েছে, ততবার দেশের স্বাধীনতা ও জনগণের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।















