
শেখ হাসিনা বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে সমর্থন চাইছেন—এমন মন্তব্য করে তাঁর দেশে ফেরার প্রত্যাশা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর প্রশ্ন, ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে সংবর্ধনা পাওয়ার আশা করেন?
সোমবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা এখন কেন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন, তা তাঁর প্রশ্ন। আদালত ও আইন নিজস্ব গতিতে চলবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ আখ্যা দিয়ে রিজভী বলেন, তিনি যেকোনো উপায়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের সমর্থনও চাইছেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, শেখ হাসিনা তা ভুলে গেলেও দেশের মানুষ ভুলবে না। আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ দেশবাসী চিরদিন স্মরণ রাখবে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর অভিযোগ, তৎকালীন সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল, যাতে অসংখ্য তরুণ ও শিশু প্রাণ হারিয়েছে। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ মানুষের মনে জাগরূক থাকবে বলে তিনি বলেন।
ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ব্যাখ্যা করে রিজভী বলেন, এ দিনের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ, জনগণের অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।
স্বাধীনতা-পরবর্তী সময়ের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত মানুষ বিপন্ন ছিল এবং বিরোধী দলের কণ্ঠরোধ করা হয়েছিল। সরকারের বিরুদ্ধে কথা বললে মানুষকে ভয়ংকর নির্যাতনের মুখে পড়তে হতো বলেও মন্তব্য করেন তিনি। রক্ষীবাহিনী গঠনের উদ্দেশ্যও তা-ই ছিল বলে দাবি করেন রিজভী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।













