চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টা ৫০ মিনিটে শাহরাস্তি মডেল থানা-র অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আতোয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে অংশ নেন। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) মোঃ শহীদুল্লাহ ও এএসআই (নিঃ) এরশাদ মিয়া।
অভিযানকালে শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া দিঘীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামি মোঃ শান্ত (সাং- সূচীপাড়া, দিঘীর পাড় সোনা মিয়ার বাড়ি, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর) কে তাঁর বাড়ির উত্তর পাশে ইটের সলিং করা রাস্তার ওপর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নম্বর- ২, তারিখ- ৩ ফেব্রুয়ারি ২০২৬ এবং জিআর নম্বর- ২৪।
পরে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।