চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ফটিকখিরা গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
ভুক্তভোগী সাহিদা আক্তার (৩৫) অভিযোগ করে জানান, গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনেরা সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিল্লাল হোসেন (৫০), তার স্ত্রী তানিয়া আক্তার (২৮), শিল্পি আক্তার (৩৫) ও বিল্লাল হোসেনের পুত্র।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ধারালো দা ও লাঠিসোঁটা হাতে নিয়ে সাহিদা আক্তারের মালিকানাধীন জমিতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে ফেলে। এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
গাছ কাটায় বাধা দিতে গেলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে সাহিদা আক্তার, তার কন্যা ও শাশুড়ির ওপর এলোপাতাড়ি কিল, ঘুষি ও চড়-থাপ্পড় মারতে থাকে। এতে তিনজনই শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখমপ্রাপ্ত হন।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা তাদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতন করে আসছে। সর্বশেষ হামলার ঘটনায় তাদের জান-মালের নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় সাহিদা আক্তার শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে শাহরাস্তি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।