চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কুরকামতা গ্রামে সম্প্রতি হারুন মোল্লার বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সময় হারুন মোল্লার মায়ের প্রায় এক ভরি ওজনের একটি সোনার চেইন চুরি হয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আমিন সাহেব বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মোস্তফাকে এই চুরির ঘটনায় সন্দেহ করে গ্রামবাসী। এ সন্দেহের ভিত্তিতে তারা গোপনে সংগ্রহ করেন একটি কল রেকর্ড, যেখানে মোস্তফাকে পার্শ্ববর্তী মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের খোকনের সঙ্গে চুরির বিষয় নিয়ে আলোচনায় লিপ্ত থাকতে শোনা যায়। অডিওতে কথোপকথনের এক পর্যায়ে ঘটনাটি স্বীকার করছে বলে দাবি করেন এলাকাবাসী।
গ্রামবাসীর অভিযোগ, এটি মোস্তফার প্রথম চুরির ঘটনা নয়। অতীতেও নিজ গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে তিনি চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে তাদের ধারণা। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় আগে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিষয়টি একাধিকবার জানানো হলেও তারা অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছেন। এবার কল রেকর্ডসহ বিভিন্ন তথ্যপ্রমাণ হাতে থাকার পরেও জনপ্রতিনিধিদের এ নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসী।
গ্রামবাসীর দাবি, নিয়মিত চুরি-চক্রের কার্যক্রম রোধ করতে সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি তারা স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের জন্য জোর দাবি জানিয়েছেন।
কল রেকর্ডিং শুনতে এখানে ক্লিক করুন।